বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও আইনানুগ কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি আরবপ্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়েছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই সঙ্গে প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম, অফশোর ব্যাংকিং ও প্রবাসে ব্যবসায় মালিকানার সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সভায় যোগ দেন।
সভায় ড. হাছান মাহমুদ তার দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা ও বিদেশে থাকাকালে দেশের জন্য মনের আকুতি তুলে ধরে বর্তমান প্রবাসীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, সৌদি আরবে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি আছে, বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। তিরিশ লাখ প্রবাসী বৈধপথে রেমিট্যান্স পাঠালে দেশের জন্য তা বড় অবদান। এ বিষয়ে যত্নবান থাকতে হবে।’
